
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে এবং জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব-কে হেফাজতে নিয়েছে পুলিশ। চাঁদাবাজির একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২১ জুন) দুপুরে রাজধানী ঢাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, যুবদল নেতা সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের জন্য তাকে পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে।
তিনি বলেন, “তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পেয়েছি আমরা। এ ব্যাপারে কথা বলতে তাকে ঢাকা থেকে এসপি অফিসে ডাকা হয়েছে। আমরা তাকে ঢাকায় পেয়েছি এবং আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন।”
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।















