
জেলা প্রতিনিধি, পঞ্চগড়: একটি দল সরকারের সফলতাকে প্রশ্নবিদ্ধ করতে এবং সরকারের বিরোধিতা করতে চায় বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, নির্বাচনের আগে একটি দল ভোট দিলে জান্নাতের টিকিট দেওয়ার কথা বলেছিল। কিন্তু কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দিলেই জান্নাতে যাওয়া যায় না।
শনিবার (১০ অক্টোবর) পঞ্চগড়ে জেলা ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “আপনাদের মসজিদ-মাদরাসায় তৎপরতা চালাতে হবে, সোচ্চার হতে হবে, যাতে তারা কোনো অপচেষ্টা চালাতে না পারে। তারা মসজিদকে রাজনৈতিক কেন্দ্র বানাতে চেয়েছিল।”
আসন্ন ওয়াজ মাহফিলের মৌসুম প্রসঙ্গে তিনি বলেন, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে তারা নন। তবে মাহফিলের মঞ্চ ব্যবহার করে সরকারের বিরোধিতা করা যাবে না। দক্ষিণাঞ্চল থেকে ভালো বক্তাদের নিয়ে এসে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। এ ক্ষেত্রে নিরপেক্ষ বক্তা নির্বাচন এবং আয়োজকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, নিরপেক্ষ বক্তাদের মাধ্যমে কোরআন-হাদিসের আলোচনা মানুষের মধ্যে ইসলামের প্রকৃত চেতনা জাগ্রত করতে পারে। ধর্মীয় আলোচনার মাধ্যমে মানুষকে সঠিক পথের দিশা দিতে হবে।
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে তারা ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বর্তমান সরকার সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বলেও তিনি উল্লেখ করেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ইসলাম কোনো রাজনৈতিক দলের বা ব্যক্তির একক সম্পত্তি নয়। একটি দল নিজেদের মতো করে দেশ ও ধর্মকে প্রচার করতে এবং ব্যাখ্যা দিতে চায়। ইসলাম একটি আধুনিক ধর্ম; তাই ইসলামের প্রকৃত শিক্ষা ও মূল্যবোধ যথাযথভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে।
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
জেলা ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মহিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সদস্যসচিব রফিকুল ইসলাম সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম মমিন কাচ্চু, জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল, সাবেক পিপি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু দাউদ প্রধান, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ বারী এবং অ্যাডভোকেট রহিস উদ্দিনসহ জেলা ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জেলা ওলামা দলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম। আলোচনা সভায় পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।












