
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে এক কলেজ শিক্ষার্থী সহ কয়েকজন কিশোরীর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা হুমকি ও মারধরের চেষ্টার মুখে পড়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে মাগুরা ইউনিয়নের দলুয়া বাজার এলাকায় মাগুরা প্রধান পাড়া এলাকাবাসীর উদ্যোগে ঝলই–রজলি সড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য সহ স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন, মাগুড়া প্রধান পাড়া দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সোবহান প্রধান, অধ্যাপক গোলাম রহমান প্রধান, জিন্নাতুল ইসলাম প্রধান, ফিরোজ আখতার প্রধান, শিল্পী বেগম, লুৎফা বেগম, শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি এক কলেজ শিক্ষার্থীর ছবি এআই প্রযুক্তি ব্যবহার করে অশ্লীলভাবে বিকৃত করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় যুবক তহিদুল ইসলামকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
তবে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করায় অভিযুক্তের ভাই তইবুল ইসলাম ভুক্তভোগী পরিবারকে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ ওঠে। বক্তারা বলেন, শুধু হুমকিই নয়, এলাকাবাসীর সঙ্গেও অসদাচরণ এবং মারধরের চেষ্টার মতো ঘটনাও ঘটছে।

বক্তারা অবিলম্বে তইবুল ইসলাম কে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি সহস্রাধিক মানুষ অংশ নেন।
বিস্তারিত SEO চাই















