
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পার্কিং করা একটি যাত্রীবাহী মিনিবাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অফিসের সামনে নাফ পরিবহনের মিনিবাসটিতে আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাসের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসের সিট, কাঁচসহ ভেতরের বেশির ভাগ অংশ পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা সূত্র জানায়, মিনিবাসটি শুক্রবার রাত প্রায় ১০টার দিকে চালক পার্ক করে রেখে যান। পরদিন সকালেই হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) জুলহাস উদ্দিন জানান, নৈশপ্রহরী বাবু প্রাথমিকভাবে জানিয়েছেন—প্রকৃতির ডাকে সাড়া দিতে সামান্য দূরে যান। ফিরে এসে দেখেন বাসে আগুন জ্বলছে। তবে তিনি বা আশপাশের কেউই আগুন লাগানোর কোনো দৃশ্য দেখেননি।
এ অগ্নিকাণ্ডের কারণ নিয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি যান্ত্রিক ত্রুটি নাকি নাশকতা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। কীভাবে আগুনের সূত্রপাত হলো, তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।”















