
ডেক্স রিপোর্টঃ আগামী ১৩ নভেম্বরকে ঘিরে সারাদেশে উত্তেজনা বাড়ছে। রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় এবার আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসচালক ও পরিবহন শ্রমিকরা। বিশেষ করে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় রাস্তায় এখন ভয়ের ছায়া নেমে এসেছে।
বাস মালিক সমিতির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ নভেম্বরের “লকডাউন” কর্মসূচি ঘোষণার পর থেকেই চালক ও হেলপারদের মধ্যে ভয় কাজ করছে। গত কয়েকদিনে একাধিক স্থানে পরিবহন পোড়ানোর ঘটনার খবর আসায় অনেক চালক বাস নামাতে অনিচ্ছুক হয়ে পড়েছেন।
মিরপুরে এক বাসচালক বলেন,
“আমরা নিজের জীবন নিয়ে এখন চিন্তিত। আগুন লাগিয়ে দিলে গাড়ি তো পুড়বেই, আমরা নিজেরাও বাঁচব কি না জানি না।”
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক কর্মকর্তা জানান, যাত্রী কমে যাওয়ায় অনেক রুটে বাস সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। নিরাপত্তা নিশ্চিত না হলে ১৩ নভেম্বরের আগেই অনেক পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা।
এদিকে পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়ানো হয়েছে টহল।
বিশ্লেষকরা মনে করছেন, রাজনৈতিক কর্মসূচি ও অনিশ্চিত পরিবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে, যার বড় প্রভাব পড়ছে গণপরিবহন খাতে।















