
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বিদেশি এলসির মাধ্যমে টমেটো আমদানি বন্ধের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় টমেটো চাষী ও ব্যবসায়ীরা।
বুধবার (২০ মে) দুপুরে পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের গলেহা বাজারে টমেটো চাষী ও ব্যবসায়ী” ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুস্ঠিত হয়।
এতে বিভিন্ন এলাকার শতাধিক কৃষক, পাইকারি ব্যবসায়ী ও স্থানীয়রা অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন, টমেটো ব্যবসায়ী মো. সোহেল, টমেটো চাষী আইনুল হক, আব্দুর রশিদ, শাহিনুর রহমান, মিজানুর রহমানসহ আরও অনেকে।
তারা বলেন, চলতি মৌসুমের শেষ দিকে এসে স্থানীয় ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে তুলনামূলক বেশি দামে কাঁচা টমেটো কিনেছেন। এসব টমেটো এখনও বাজারজাতের অপেক্ষায় রয়েছে।
এ অবস্থায় বিদেশি এলসির মাধ্যমে টমেটো আমদানি করা হলে স্থানীয় বাজারে সরবরাহ বেড়ে যাবে এবং দাম হঠাৎ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। এতে কৃষক ও ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন।
বক্তারা বলেন, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় কৃষকদের এমনিতেই লাভ কমে গেছে। বীজ, সার, কীটনাশক ও শ্রমিক খরচ বাড়ার কারণে টমেটো চাষে ব্যয় আগের তুলনায় অনেক বেশি হয়েছে।
দেশীয় টমেটো কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় দেশীয় টমেটো বাজারে থাকায় অবস্থায় বিদেশি এলসি টমেটো আমদানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
















