পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত তিন লাখ ৬২ হাজার ১৭৭ জনকে বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠানে এ তথ্য দেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
তিনি বলেন, জেলায় ১ হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮ কর্মদিবসে ২ ধাপের মধ্যে প্রথম ধাপের ১০ কর্ম দিবসে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ৮ কর্মদিবসে কমিউনিটি ক্লিনিকে দেয়া হবে।সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সারা দেশ ব্যাপী আগামী ১২অক্টোবর থেকে এ ক্যাম্পেইন শুরু হবে। জেলায় শতভাগ টিকা প্রদানের জন্য প্রত্যেকটি কিন্ডারগার্টেন, প্রাথমিক/ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।
কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা প্রশাসক মো. সাবেত আলী।
এসময় জেলা তথ্য অফিসের তথ্য অফিসার উজ্জ্বল শীলের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাস,ভার্চুয়ালি যুক্ত ছিলেন,তথ্য মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার ও সমন্বয় বিভাগের পরিচালক ডালিয়া ইয়াসমিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

















