রিয়াজুল হক সাগর,রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের হারাগাছে খানাখন্দ আর গো চারণ ভুমিতে পরিনত হয়ে যাওয়া দরদী হাই স্কুলের পরিত্যক্ত মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছে নবনির্বাচিত পৌর মেয়র। স্থানীয় এলাকাবাসী জানায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকায় ১৮২ শতাংশের একমাত্র মাঠটি খেলার অনুপযোগী হয়ে পড়ে। ফলে কার্যত বন্ধ হয়ে গেছে ফুটবল ক্রিকেট সহ সব ধরণের প্রতিযোগিতা মূলক ম্যাচ ও নিত্যকার অনুশীলন। অবশেষে হারাগাছ পৌরসভার নবনির্বাচিত মেয়রের উদ্যোগে বুধবার পৌর ভবনের সামনে দরদী হাই স্কুলের পরিত্যক্ত মাঠ সংস্কার কাজ শুরু হয়। পৌর মেয়র এরশাদুল হক বলেন, সংশ্লিষ্ট মাঠ কর্তৃপক্ষের অবহেলার ফলে মাঠটি খানা খন্দে পরিনত হয়েছিল। স্থানীয় কিশোর, তরুন ও যুবকদের অনুরোধে মাঠ সংস্কার করা হচ্ছে। নিজের অর্থায়নে মাঠটি সংস্কার কাজ শুরু করা হয়েছে। স্থানীয় কিশোর ও তরুনরা বলেন, হারাগাছ পৌরসভায় খেলার মাঠ সহ কোন বিনোদন স্পট নেই। পৌর ভবনের সামনে একটি মাঠ আছে। সেটিও সংস্কারের অভাবে খেলাধুলার জন্য অনুপযোগী হয়ে পড়ে। পরিত্যক্ত মাঠটি খানাখন্দ ও গো-চরন ভুমিতে পরিণত হয়। ফলে এলাকার কিশোর ও তরুনরা সহ যুব সমাজ খেলাধুলা করতে পারে না। পৌর মেয়র মাঠটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। মাঠটি সংস্কার কাজ শেষ হলে শিশু, কিশোর, তরুন ও যুবকরা অবসর সময় বিভিন্ন খেলাধুলা করার সুযোগ পাবে।















