
জেলা প্রতিনিধি, পঞ্চগড়: বিতর্কিত সাদপন্থীদের আয়োজিত ইজতেমা বন্ধের দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করেছে ঈমান-আক্বিদা রক্ষা কমিটি ও হেফাজতে ইসলাম পঞ্চগড় জেলা কমিটি।
রোববার (৯ নভেম্বর) সকালে পঞ্চগড় প্রেসক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ঈমান-আক্বিদা রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মো. আব্দুল্লাহ, খেলাফত মজলিসের সভাপতি ও ঈমান-আক্বিদা রক্ষা কমিটির প্রচার সম্পাদক হাফেজ মীর মোর্শেদ তুহিন, সহসভাপতি সাইফুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহীন এবং সদস্য আব্দুল বারী।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তাঁরা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নন; বরং ঈমান ও আক্বিদা রক্ষার উদ্দেশ্যে কাজ করছেন। তাবলিগের নামে ভুল আক্বিদা প্রচার করা হলে সে বিষয়ে প্রতিবাদ করা ঈমানি দায়িত্ব বলে তাঁরা মনে করেন।
বক্তারা আরও অভিযোগ করেন, সাদপন্থীরা বিভিন্ন সময়ে ঈমান ও আক্বিদাবিরোধী বক্তব্য দিয়েছেন। তাঁদের দাবি, কোরআন শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করাকে ব্যভিচারী নারীর উপার্জনের চেয়েও নিকৃষ্ট বলে মন্তব্য করেছেন সাদপন্থীদের নেতা। এ ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী বলে তাঁরা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, ২০১৮ ও ২০২৪ সালে টঙ্গীর ইজতেমা মাঠে সাদপন্থীদের হামলায় বহু আলেম-ওলামা ও মুসল্লি হতাহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
তাঁরা বলেন, সাদপন্থীদের কথিত ঈমানবিধ্বংসী কর্মকাণ্ড থেকে সাধারণ মুসলমানদের ঈমান ও আক্বিদা রক্ষার স্বার্থে পঞ্চগড়ে তাঁদের ইজতেমা বন্ধের জন্য সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারের (এসপি) কাছে অনুরোধ জানানো হয়েছে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, তাঁদের দাবির পরও যদি প্রশাসন ইজতেমা আয়োজনের অনুমতি দেয় এবং এর ফলে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে, তাহলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, হেফাজতে ইসলাম ও ঈমান-আক্বিদা রক্ষা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।















