
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলে অবস্থিত চিত্তরঞ্জন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবনের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের সভাপতি মো. আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নং ওয়ার্ড নাসিক বিএনপি সভাপতি আনিসুর রহমান সিকদার, ৮ নং ওয়ার্ড নাসিক বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাধীন, ১০ নং ওয়ার্ড নাসিক বিএনপি সহ-সভাপতি জিয়াদুল সরদার, সিদ্ধিরগঞ্জ থানা জিয়া শিশু-কিশোর সংগঠনের সহ-সভাপতি গাজী সেলিম এবং অভিভাবক প্রতিনিধি কমিটির সদস্য তারা মিয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন খোকন।
অনুষ্ঠান শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন আলহাজ হযরত মাওলানা ইব্রাহিম খলিল, পেশ ইমাম ও খতিব, চিত্তরঞ্জন কটন মিলস জামে মসজিদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন একাডেমিক ভবনের উদ্বোধন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে কেবল ভবন নির্মাণই যথেষ্ট নয়, শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন, প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা এবং সহশিক্ষা কার্যক্রম আরও সমৃদ্ধ করার ওপরও সমান গুরুত্ব দিতে হবে।
তারা আশা প্রকাশ করেন, নতুন ভবনের মাধ্যমে শিক্ষার্থীরা আরও উন্নত ও মনোরম পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে, যা তাদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

















