
বিশেষ সংবাদদাতাঃ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়েই দেশের ইতিহাসে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, ওই সময় যমুনা প্রকল্পের ভেতরে ও আশপাশে সংঘটিত কথিত ব্যাপক দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছেন।
রোববার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় যমুনার অন্দরে আর কিনারে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে, তার তদন্ত করতে দুদককে নির্দেশ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কয়েকদিন আগে একটি প্রতিবেদনে উল্লেখ করেছে যে, অন্তর্বর্তী সরকারের সময় সর্বোচ্চ দুর্নীতি হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে গণমাধ্যমেও বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, “এসব কথা আমি বলছি না, গণমাধ্যম বলেছে। টিআইবিও এ বিষয়ে প্রতিবেদন দিয়েছে।”
তিনি বলেন, দেশ একটি অস্থির সময় অতিক্রম করেছে এবং সেই পরিস্থিতির মধ্য দিয়েই নির্বাচন সম্পন্ন করতে হয়েছে। জাতীয় স্বার্থ এবং নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “একটা অস্থির সময় পার করে আমাদের নির্বাচন আদায় করতে হয়েছে। হ্যাঁ, এজন্য নির্বাচন ও জাতীয় স্বার্থে আমরা জুলাই সনদে সই করেছি।”
তার এই বক্তব্য সংসদে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
















