
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এবার কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। তবে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বঙ্গবন্ধুর সমাধিসৌধসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
১৫ আগস্টকে ঘিরে টুঙ্গিপাড়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গোয়েন্দা সংস্থার সদস্যদের তৎপরতা বাড়ানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স, বিভিন্ন সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
উপজেলার বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের নিয়মিত টহল অব্যাহত রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা বিভিন্ন এলাকায় টহল দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গী, কলেজ রোডসহ টুঙ্গিপাড়া উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে জেলা শহর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ টহল শুরু হয়। টহল দলটি টুঙ্গিপাড়ার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সে পৌঁছায়। পরে টহল দলটি পুনরায় জেলা শহরের দিকে ফিরে যায়।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই অবনতি না ঘটে, সে লক্ষ্যেই পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে বিজিবি সদস্যরা টহল শুরু করেছেন। স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তারা প্রশাসনকে সহযোগিতা করছেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টুঙ্গিপাড়াসহ জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলে বিশেষ নজরদারি অব্যাহত থাকবে।
এদিকে, অন্যান্য বছর ১৫ আগস্টকে ঘিরে টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু সমাধিসৌধ এলাকায় বিভিন্ন কর্মসূচি ও মানুষের উপস্থিতি থাকলেও এবার কোনো আনুষ্ঠানিক আয়োজন দেখা যায়নি। ফলে একদিকে যেমন ছিল নীরবতা, অন্যদিকে নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সমাধিসৌধ এলাকা ছিল কঠোর নিরাপত্তার মধ্যে।
















