
বিশেষ প্রতিবেদনঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ি আদর্শ বাজারে আগামী ১১ এপ্রিল ২০২৬ ইং তারিখে বহুল প্রত্যাশিত ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে সামনে রেখে বাজারজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক আগ্রহ।
এদিকে নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ পোস্ট দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিক মাহবুব রহমান মোল্লা। তার পোস্টে তিনি নির্বাচন কমিশন, ব্যবসায়ী, দোকানদার ও ভোটারদের প্রতি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
মাহবুব রহমান মোল্লা তার পোস্টে উল্লেখ করেন, “চৌধুরী বাড়ি আদর্শ বাজার—নামের সঙ্গে কাজের আন্তরিক মিল থাকুক। আমরা চাই একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, যা এই বাজারের সুনাম আরও বৃদ্ধি করবে।”
তিনি আরও বলেন, নির্বাচন যেন কোনো ধরনের প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সে জন্য সকল পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে। একটি সুন্দর নির্বাচনই পারে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য, আস্থা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করতে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর এমন একটি নির্বাচনের আয়োজন হওয়ায় সবার মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে, যা বাজারের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে।
চৌধুরী বাড়ি আদর্শ বাজারের এই নির্বাচনকে কেন্দ্র করে সকলের প্রত্যাশা—একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট, যা ভবিষ্যতে বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনবে।












