
অনলাইন ডেক্সঃ ঢাকা ও আশপাশের এলাকায় আজ বুধবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৪ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.১। বিষয়টি নিশ্চিত করেছে ইউরোপিয়ান-মেডিট্যারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (EMSC)।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৩৮ কিলোমিটার দূরে নরসিংদীতে, এবং এটি ভূগর্ভের ৩০ কিলোমিটার গভীরে সৃষ্টি হয়। হঠাৎ কম্পনে রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষ ঘর থেকে বাইরে বের হয়ে আসে। তবে কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মধ্যম মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি কম হলেও ধারাবাহিক কম্পন ভূতাত্ত্বিকভাবে সতর্কতামূলক বার্তা বহন করে। তারা নগরবাসীকে ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিয়েছেন।
















