
নিজস্ব প্রতিবেদকঃ “যে মানুষ নিজের স্বার্থ ভুলে অন্যের কল্যাণে জীবন উৎসর্গ করেন, তিনি আসলে অমর।” — এই বাণী যেন মিলে যায় অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম ইঞ্জিনিয়ার আতাউর রহমান সাহেবের জীবনের সঙ্গে। আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫ইং) তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও কবর জিয়ারত কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের নিয়ে মরহুমের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে দোয়া করা হয়, যেখানে তাঁর রূহের মাগফিরাত কামনা করা হয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনুষ্ঠানে বলেন,
“ইঞ্জিনিয়ার আতাউর রহমান ছিলেন অত্র এলাকার শিক্ষার আলোকবর্তিকা। শিক্ষার মানোন্নয়নে তাঁর অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আজও আমাদের অনুপ্রেরণা জোগায়।”

বিদ্যালয়ের শিক্ষার্থীরা মরহুমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রতিষ্ঠাতার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করে। শিক্ষকরা তাঁর স্মৃতিচারণ করে বলেন, আতাউর রহমান শুধু বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নন, তিনি ছিলেন একজন সমাজদরদী মানুষ, যিনি শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজে আলোকিত প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন।
সহকারী শিক্ষকবৃন্দ সকলেই বলেন, মরহুম ইঞ্জিনিয়ার আতাউর রহমানের রেখে যাওয়া দৃষ্টান্ত অনুসরণ করে শিক্ষা ও মানবসেবায় আত্মনিয়োগ করাই হবে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।
উল্লেখ্য, মরহুম ইঞ্জিনিয়ার আতাউর রহমান অলিপুর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করে এলাকার শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেন। তাঁর আদর্শ ও কর্মধারা আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুকরণীয় হয়ে থাকবে।

















