
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গোদনাইল আরামবাগে নিখোঁজ হওয়ার ১১ দিন পর এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি মুক্তার হোসেন (৭৫), তিনি সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল বাগপাড়া এলাকার বাসিন্দা। তিনি তার ছেলে আসিফের সাথে গোদনাইল আরামবাগ এলাকায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত ১২ জুন বাড়ির কাউকে কিছু না জানিয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।
আজ ২৩ জুন সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার একটি ডোবার পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
নিহতের ছেলে মো. আসিফ জানান, তার বাবা প্রায়ই মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাড়ি থেকে বের হয়ে যেতেন। ধারণা করা হচ্ছে, চা খাওয়ার উদ্দেশ্যে দোকানে বসা অবস্থায় তার হাতের লাঠিটি নীচে পরে গেলে হয়তো সেটি তুলতে গিয়ে তিনি পানিতে পড়ে যান এবং মৃত্যুবরণ করেন। দোকানের পিছনে সবার অগোচরে তিনি গিয়েছিলেন বলে ধারনা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।













