
রংপুর প্রতিনিধিঃ রংপুর নগরীর সেন্ট্রাল রোড এলাকার নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে লাফিয়ে পড়ে নুজসাত নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত নুজসাত রংপুর নগরীর খলিফাপাড়া এলাকার বাসিন্দা এবং রংপুর ক্যান্টনমেন্ট কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় নুজসাত হোটেলের ছাদে অবস্থান করছিলেন। পরে তিনি ছাদের কার্নিশের দিকে এগিয়ে যান এবং সেখান থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তরুণীটি ছাদে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। কিছুক্ষণ পর তিনি কার্নিশের দিকে এগিয়ে গিয়ে নিচে লাফিয়ে পড়েন। ফুটেজটি ইতোমধ্যে পুলিশের তদন্তে গুরুত্বপূর্ণ আলামত হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি প্রাথমিকভাবে রহস্যজনক মনে হচ্ছে। এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার ফল—তা নিশ্চিত হতে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। তরুণীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং তার মোবাইল ফোনসহ সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।













