
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন ঘোষণা না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা ও শঙ্কা। এই আসনে দলটির দুই হেভিওয়েট প্রার্থী—বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সমর্থকদের মধ্যে শুরু হয়েছে প্রচারণা যুদ্ধ।
সোমবার (৩ নভেম্বর) রাতে দুই পক্ষের প্রচারণামূলক মিছিল এক পর্যায়ে বিক্ষোভ মিছিলে পরিণত হয়। উভয় পক্ষই নিজ নিজ প্রার্থীর মনোনয়ন নিশ্চিত বলে দাবি করছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় শহরের পৌর উদ্যান মাঠে সুলতান সালাউদ্দিন টুকুর সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক গণজমায়েত। পরে একটি বিশাল মিছিল বের করে তারা নির্বাচনী প্রচারণা চালান। অন্যদিকে, অ্যাডভোকেট ফরহাদ ইকবালের কর্মী-সমর্থকরাও নিজেদের প্রচারণা কর্মসূচি হাতে নিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনের মধ্যে সাতটিতে ইতোমধ্যে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত তালিকা অনুযায়ী—
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): ফকির মাহবুব আনাম স্বপন
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): আব্দুস ছালাম পিন্টু
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): ওবায়দুল হক নাসির
টাঙ্গাইল-৪ (কালিহাতী): লুৎফর রহমান মতিন
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): রবিউল আউয়াল লাভলু
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): আবুল কালাম আজাদ সিদ্দিকী
টাঙ্গাইল-৮: আহমেদ আযম খান
তবে টাঙ্গাইল সদর-৫ আসনের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি, যা নিয়ে জেলা বিএনপির রাজনীতিতে তীব্র আলোচনা চলছে।
















