কমরেড স্বপন,দিনাজপুর: দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) নিয়মিত মাদকবিরোধী অভিযানে ২৬ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে ডিএনসি দিনাজপুর জেলা কার্যালয়।
শুক্রবার (২২ আগস্ট ২০২৫) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি দিনাজপুরের পরিদর্শক মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে বিরল উপজেলার এম এম ফিলিং স্টেশনের সামনে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ঢাকা মেট্রো ট-১২-৫৫৭৭ নাম্বারের একটি ট্রাক তল্লাশি করে দুটি বস্তায় মোট ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—টাঙ্গাইল জেলার নাগরপুর থানার ৬ নং সবাতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের কাজী ছোরহাবের পুত্র কাজী সোহেল (৩৯) এবং ধনবাড়ি উপজেলার মোঃ শাহিনের পুত্র মোঃ সুমন (২২)। তারা কুমিল্লা থেকে ট্রাকযোগে গাঁজা বহন করে দিনাজপুরে প্রবেশ করছিলেন বলে জানা যায়।
জব্দ করা ২৬ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে ডিএনসি।
ঘটনার পর আটক দুইজনের বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০০৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১/২৬(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাকিবুজ্জামান।













