মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে টানা চারবার এমপি নির্বাচিত হলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও রেলমন্ত্রী এডভোকেট মো.নুরুল ইসলাম সুজন। তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৬২৭ ভোট।
নুরুল ইসলাম সুজন জাতীয় পার্টির লুৎফর রহমান রিপনের চেয়ে ১ লাখ ৭৪ হাজার ০৯৪ ভোট বেশি পেয়েছেন। তিনি এ নিয়ে আসনটিতে পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে চারবার নির্বাচিত হলেন। তিনি এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ার পর তিনি রেলমন্ত্রী দায়িত্ব পান।
এ আসনে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন আরও দুই প্রার্থী। তাদের মধ্যে তৃণমূল বিএনপির আব্দুল আজিজ সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪২০ ভোট ও বিএসপির আহমাদ রেজা ফারুকী একতারা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪৭০ ভোট।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৯ হাজার ৯৪১ জন। মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯৮ হাজার ২৪০ টি। ভোট বাতিল হয়েছে ৯ হাজার ১০ টি। ভোট প্রদানের হাড় ৫৩ দশমিক ১৫ শতাংশ।
গতকাল ৭ জানুয়ারী রোববার দেশের সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে পঞ্চগড়ের দুটি আসনে শান্তিপূর্ণভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন সুষ্ঠুভাবে করতে দুটি আসনে মাঠে দায়িত্ব পালন করেছেন ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং দুইজন বিচারক। এছাড়া মোতায়েন করা হয় ৪ হাজার ৬৪৪ জন ফোর্স। ভোট কেন্দ্র, ভ্রাম্যমান ও স্ট্রাইকিং এ ৮৫২ জন পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন র্যাব, ৪ প্লাটুন এপিবিএন পুলিশ ও ৮ প্লাটুন আনসার।
রোববার রাতে পঞ্চগড় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারিভাবে এ ফলাফলে পঞ্চগড়-২ আসনে বিপুল ভোটে বিজয়ী রেলমন্ত্রী এডভোকেট মো.নুরুল ইসলাম সুজনের নাম ঘোষনা করেন রিটার্নিং কর্মকর্তা ও পঞ্চগড় জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
















