হাসান আলী সোহেল, ভ্রাম্যমাণ প্রতিনিধি -ঃ- নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বড়াল সভা কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র বাগাতিপাড়া উপজেলা শাখা সভাপতি সাংবাদিক আব্দুল মজিদ। উপস্থিত থেকে বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, পৌর মেয়র এ.কে.এম শরিফুল ইসলাম লেলিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবু জাফর, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী, ফাগুয়ারদিয়াড় ইউপি চেয়ারম্যান এস এম লেলিন,ক্যাব’র উপজেলা শাখা সেক্রেটারী আরিফুল ইসলাম তপু প্রমুখ।
সেমিনারে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ি নেতৃবৃন্দসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সেমিনারে বক্তারা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে অভিযোগ দায়ের এবং অপরাধ দন্ডের বিধান নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে শুধু প্রশাসন কাজ করলে হবে না, সাথে আমাদের সবাইকে সজাগ হতে হবে। কোন পণ্য কেনার আগে দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও কোন ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের মানসিকতা পরিবর্তন করার পাশাপাশি আমাদের সকলের মানসিকতার পরিবর্তন করতে হবে। ভোক্তা যদি সচেতন হন তাহলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে।













