সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি -ঃ বিকেবি নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠানের প্রায় এক হাজার মিটার কেবল চুরি করে জনগণের হাতে ধরা পড়েছে মো. ওহিদুল (২৮) নামে এক যুবক।বুধবার দিবাগত রাত ১ টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. বাহাউদ্দিন খান বাপ্পি ঐ যুবকের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ওহিদুল বরিশাল পটুয়াখালীর গলাচিপা থানাধীন আরশেদ হাওলাদারের ছেলে।
বিকেবি নেটওয়ার্কের ব্যবস্থাপনার পরিচালক জানান, গত এক বছর যাবৎ আমার প্রতিষ্ঠানের ইন্টারনেট কেবল জালকুড়ি এলাকা থেকে চুরি হচ্ছে। এতে আমি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছি। গত বুধবার (১২ অক্টোবর) দিবাগত রাতে ওহিদুল প্রায় এক হাজার মিটার কেবল চুরি করে জনসম্মুখে ধরা পড়ে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছি। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি।
বাহাউদ্দিন বাপ্পি আরো জানান, দীর্ঘ সময় ধরে ওহিদুল জালকুড়ি ও আশেপাশের বিভিন্ন এলাকায় ইন্টারনেট কেবল ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র চুরি, চোরাই পন্য কেনা-বেচা করে আসছে। এতে অসংখ্য ইন্টারনেট ব্যবসায়ী আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় আনা জরুরী।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মীর্জা শহিদুল ইসলাম জানান, অভিযোগটি এখনো আমার হাতে আসেনি। আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।













