মোঃ জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি -ঃবরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি আহসান হাবিব কামাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ১১টায় রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। বিগত ১৪ দিন ধরে ইনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে ২৯ জুলাই বাসায় নিয়ে আসা হয়। শনিবার রাতে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজ রবিবার ( ৩১ জুলাই ) ২০২২ তারিখে দুপুর ২টায় বরিশাল জিলা স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে পানি সম্পদ প্রতিমন্ত্রি ও সদর আসেনর এমপি জাহিদ ফারুক শামীম, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিএনপির যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবুর রহমান সরোয়ার, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মুসলিম গোরস্থানে তাকে চীর নিদ্রায় শায়িত্ব করা হয়। প্রবীণ এই নেতার মৃত্যুতে পরিবার এবং বিএনপি’র রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আহসান হাবিব কামাল বরিশাল পৌরসভার আমলে সর্বপ্রথম ১০ নম্বর বরিশাল ইউনিয়নের নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তী ১৯৯১ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি বরিশাল পৌর সভার প্রশাসক ও নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তিনি পৌর চেয়ারম্যান থাকাবস্থায় বরিশাল সিটি কর্পোরেশন গঠিত হয়। এরপর ২০০২ সালের ২৫ জুলাই থেকে পরবর্তী ২০০৩ সালের ১৪ এপ্রিল পর্যন্ত নবগঠিত সিটি কর্পোরেশনের মনোনীত মেয়র ছিলেন তিনি। এছাড়া ২০১৩ সালের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সিটি কর্পোরেশনের তৃতীয় পরিষদের মেয়র নির্বাচিত হন। ২০১৮ সালের ৪ অক্টোবর পর্যন্ত নগর পিতা হিসেবে দায়িত্ব পালন করেন আহসান হাবিব কামাল। তিনি বিএনপি’র কেন্দ্রীয় কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। এর আগে তিনি দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি ছিলেন। দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি পদ থেকে পদোত্যাগ করে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে তিনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন করেন।













