মোঃ হাচিবুর রহমান, কালিয়া (নড়াইল) প্রতিনিধি -ঃ নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের মহাজন এলাকায় স্কুলের কাজের দোহাই দিয়ে ইউএনও ও এসিল্যান্ডের নাম ভাঙ্গিয়ে সড়কের ৩ টি গাছ কাটার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ও জেলা পরিষদের সাবেক সদস্য হাদীউজ্জান ওই স্কুলের সভাপতির বিরুদ্ধে। ১৬ জুলাই (শনিবার) সন্ধায় মহাজন-ঘষিবাড়ীয়া হাই স্কুলের ঘর নির্মাণের দোহাই দিয়ে এ গাছ কাটা হয়। এ বিষয়ে এলাকায় শুরু হয়েছে নানা গুঞ্জন।
এ বিষয়ে হাদীউজ্জামান বলেন, স্কুলের সাইকেল গ্যারেজের ঘর বানানোর জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)’র মৌখিক অনুমতি সাপেক্ষে একটি শিশু গাছ কাটলে ভিতরে পচে যাওয়ায় আরেকটি শীলকড়াই গাছ কাটাতে ছোট একটি মেহেগনী গাছ ভেঙ্গে যায়। ওই ঘর নির্মাণে কাঠগুলো তিনি ব্যবহার করেন বলে জানান।
এদিকে ওই স্কুলের সভাপতি বিশ্বজিৎ সাহাকে তার ব্যবহৃত (0 1711-595758) মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি হাদীউজ্জানের ওপর দায় চাপিয়ে এ বিষয়ে কিছুই বলতে পারবেন না বলে এড়িয়ে যান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জহুরুল ইসলাম বলেন, গাছ কাটার অনুমতি দেওয়ার কোন প্রশ্নই আসেনা। এটা একটা ন্যাক্কারজনক কাজ হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।













