মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড়কে শতভাগ ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক জহুরুল ইসলাম।
মঙ্গলবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মাহানপাড়া আশ্রয়ণ প্রকল্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক, সহকারি কমিশনার (ভূমি) নারায়ণ চন্দ্র প্রমূখ। জেলা প্রশাসক জানান, তৃতীয় পর্যায়ে দুই হাজার ৪৩৪ জন পরিবারের জন্য একক গৃহ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এর মধ্যে এক হাজার ২১ পরিবারকে গত ২৬ এপ্রিল প্রথম ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমিসহ গৃহ হস্তান্তর করেন। আগামী ২১ জুলাই অবশিষ্ট এক হাজার ৪১৩ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী। এসময় তিনি পঞ্চগড় জেলাকে দেশের প্রথম ভূমিহীন ও গৃহহীণ মুক্ত জেলা ঘোষণা করবেন।
এর আগেও আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পঞ্চগড়ে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে দুই হাজার ৪১৬ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ একক গৃহ প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
জেলা প্রশাসক বলেন, পঞ্চগড়ের ৫ উপজেলার ৪৩টি ইউনিয়ন থেকে সর্বমোট ৪ হাজার ৮৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার চিহ্নিত করা হয়েছে এবং এ যাবৎ ৭৩ দশমিক ২১ একর খাস জমি অবৈধ দখল হতে উদ্ধার করা হয়েছে। আর এই জমি গুলোতেই আশ্রয়হীন মানুষ আত্মমর্যাদার ঠাই পেয়েছে।













