গোয়াইনঘাট প্রতিনিধি -ঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল (সাঃ) এর উপর ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র নুপূর শর্মা ও গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দল কর্তৃক চরম অবমাননা ও কটূক্তির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখা। গতকাল শুক্রবার বেলা ৪ ঘটিকায় গোয়াইনঘাট থানা সদরের সবজি বাজার সম্মুখে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আখলাকুল আম্বিয়ার পরিচালনায় ও সহ-সভাপতি মাওঃ উবায়দুল্লাহ জহিরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য দেন ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা উত্তর সভাপতি ছাত্রনেতা মারজানুল আযহার জুনেদ। এ সময় বক্তব্য দেন সংগঠনের উপজেলা সাংগঠনিক সম্পাদক হাসান আহমদ চৌধুরী, ছাত্র মজলিস সিলট পূর্ব জেলা শাখার প্রচার সম্পাদক ছাত্রনেতা আমিরুল ইসলাম আমিন, সংগঠনের রুস্তমপুর ইউনিয়ন সহ-সভাপতি মাওঃ বুরহান উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, “রাসূল (সাঃ) কে কটূক্তিকারীদের ব্যাপারে সংসদে অবিলম্বে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে এবং কুলাঙ্গার বিজেপি নেতৃদ্বয়ের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তব্যে তারা বলেন, আমাদের দেশে ভারতীয় যেসকল পণ্য রয়েছে সেগুলোর তালিকা করে অনতিবিলম্বে বয়কট করতে হবে।” এরপর এক বিক্ষোভ মিছিল বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।













