তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ গরুর জন্য জ্বালানো কয়েলের আগুনে পুড়েছে ২৫টি পরিবারের ৮৩টি বসতঘর। এতে ৫টি গরু, ১৪টি ছাগলও পুড়ে মারা গেছে। প্রায় কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারগুলোর দাবী। বুধবার রাত ৩টার দিকে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর তেলীপাড়া গ্রামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে ওই গ্রামের লতিবার রহমানের গোয়ালঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহূর্তে চারদিক ছড়িয়ে পড়ে আগুন। কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল গিয়ে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।
আগুনে ক্ষতিগ্রস্ত যাদু মিয়া জানান, আমরা শোরগোল শুনে দ্রুত ঘর থেকে বেড়িয়ে প্রাণে বাঁচি। এই সর্বনাশা আগুনে আমাদের ২৫টি পরিবারের ৮৩টি ঘর ও ঘরের রক্ষিত ধান, চাল, আসবাবপত্রসহ নগদ ৭লাখ টাকা, ৬ভরি সোনা, ৫টি গরু, ১টি ছাগল ও ১৪টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। তারা খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রাজ্জাক মন্ডল আগুনের পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে।













