মোঃ রেজাউল করিম, পঞ্চগড়: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে পঞ্চগড়ের ৩নং পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী সিরাজুল ইসলাম প্রধানের শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত শোডাউনে সদর ইউনিয়নের কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সিরাজুল ইসলাম প্রধান পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

এদিন মোটরসাইকেল, পিকআপ ও ভ্যানে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে সদর ইউনিয়নের চারমাইল থেকে শোডাউনটি শুরু হয়ে পঞ্চগড় সদর ইউনিয়নের বিভিন্ন সড়ক পদক্ষিন করে সিরাজুল ইসলামের বাড়িতে গিয়ে শেষ হয়।
এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। শোডাউনে অংশ নেয়া নেতাকর্মীরা পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান পদে সিরাজুল ইসলামকে নৌকার মাঝি হিসাবে দেখতে চেয়ে স্লোগান দেন।

পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম প্রধান বলেন, পঞ্চগড় সদর ইউপি চেয়ারম্যান পদে আমি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। নির্বাচনী শোভাযাত্রায় কয়েক হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রমাণ করলো মানুষ আমাকে সুযোগ দিতে চায়। দলীয় মনোনয়ন পেলে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আধুনিক পঞ্চগড় সদর ইউনিয়ন করতে চাই। আশা করি প্রধানমন্ত্রী জনগণের চাওয়া পূরণ করবেন।
















