সাতক্ষীরার কলারোয়া উপজেলা দেয়াড়া মাঠপাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন দেয়াড়া মাঠপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে কৃষক আমজেদ গাজী (৫১) ।
জানা গেছে, আমজেদ গাজীর জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল আগে থেকেই। আর এরই জের ধরে এ হত্যার ঘটনাটি ঘটেছে। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে কলারোয়া থানায় নিয়ে আসা হয়েছে।
নিহতের ছেলে সুমন জানান, সকালে তার চাচাতো ভাইয়েরা হঠাৎ করে তাদের উপর আক্রমণ করেন। কিছু বুঝে ওঠার আগেই লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে তার বাবাকে মেরে ফেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়। তাদের চিকিৎসার জন্য কলারোয়া হাসপাতালে নেয়া হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল কবির বলেন, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে দেয়াড়া মাঠপাড়া গ্রামের মৃত ওমর আলীর ছেলে কৃষক আমজেদ গাজীকে (৫১) লাঠি দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে তারই কতিপয় আত্মীয়-স্বজন।













