ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সুর্যোদয়ের সাথে সাথে স্বাস্থ্য বিধি মেনে আখাউড়া শহীদ স্মৃতি সরকারী ডিগ্রি কলেজ শহীদ মিনারের বেদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু করেন। এরপর একে একে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, আখাউড়া প্রেসক্লাব, আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন, সাব রেজিস্ট্রি অফিস, জাতীয় পার্টি, বিএনপি, জাসদ, রেলওয়ে পুলিশ, বেঙ্গল পুলিশ, আমরা মুক্তিযোদ্ধা সন্তানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, আখাউড়া থানার ওসি মোঃ মিজানুর রহমান প্রমুখ।
উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন। ক্ষুদে শিক্ষার্থীরা মাতৃভাষা দিবস ও একুশের বিভিন্ন থিম নিয়ে চিত্রাঙ্কন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।













