
জেলা প্রতিনিধি, পঞ্চগড়: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা হয়।
জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, খামারি, প্রাণিসম্পদ সংশ্লিষ্ট সমিতির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এ উপলক্ষে সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. আব্দুল কাদের।
অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোয়াইবা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডা. শহিদুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মরিয়ম রহমান।
এ ছাড়া বক্তব্য দেন পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, খামারি আবুল আলিম, শিমু আক্তার ও মফিদুল ইসলাম। বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নত জাতের পশু-পাখি পালন, রোগ প্রতিরোধ এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের গুরুত্ব তুলে ধরেন।
আয়োজক সূত্রে জানা যায়, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী চলবে। সপ্তাহ উপলক্ষে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে বিভিন্ন খামারি তাঁদের খামারের পশু-পাখি ও উৎপাদিত পণ্য নিয়ে স্টল স্থাপন করেছেন। উদ্বোধনী আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং খামারিদের সঙ্গে কথা বলেন।
প্রাণিসম্পদ সপ্তাহের দ্বিতীয় দিন শুক্রবার (২৭ নভেম্বর) সকালে গবাদিপশু ও হাঁস-মুরগির বিনামূল্যে টিকাদান কর্মসূচি, ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃমিনাশক ওষুধ বিতরণ এবং প্রাণিসম্পদবিষয়ক ভ্রাম্যমাণ প্রচার-প্রচারণা চালানোর কর্মসূচি রয়েছে।
এ ছাড়া শনিবার (২৮ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
সপ্তাহব্যাপী এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা, খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ও উন্নত খামার ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিজ আমিষ উৎপাদনে খামারিদের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।












