
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: বিভিন্ন সংকট ও দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি ফিরিয়ে আনতে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সক্রিয় নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।
শনিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ পুল প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন।
প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে বর্তমান সদস্যদের অনেকেই নিষ্ক্রিয় থাকা, নিয়মিত প্রেস ক্লাবে যাতায়াত না করা, ক্লাবের সাংগঠনিক কার্যক্রমে অংশ না নেওয়া এবং কেউ কেউ সাংবাদিকতায় সক্রিয় না থাকায় প্রেস ক্লাবের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। একপর্যায়ে ক্লাবটি অস্তিত্ব সংকটের মুখে পড়ে।
তিনি বলেন, এসব পরিস্থিতি মোকাবিলা করে প্রেস ক্লাবের কার্যক্রম সচল করা, সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে সক্রিয় সাংবাদিকদের সম্পৃক্ত করে নতুন সদস্য নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় সক্রিয় নতুন ও পুরাতন সদস্যদের নিয়ে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা
নবগঠিত কমিটিতে দৈনিক সংবাদের মো. কবির হোসেন সভাপতি, দৈনিক ভোরের আকাশের এস এম আমীর হোসেন কার্যকরী সভাপতি, দৈনিক যুগান্তরের ইমাম হাছান সিনিয়র সহ-সভাপতি, দৈনিক নয়া দিগন্তের রিপন মাহমুদ আকাশ, এশিয়ান টিভির মো. ফারুক হোসেন এবং প্রাইম টিভির মনিরুল ইসলাম সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
দৈনিক রূপান্তরের মো. সোহেল রহমান সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া দৈনিক আজকের বিজনেসের এস কে মাসুদ রানা এবং চ্যানেল এস টিভির মো. সাদ্দাম হোসেন মুন্না কমিটিতে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া দৈনিক সময়ের আলোর মো. রাশেদুল কবির অনু সাংগঠনিক সম্পাদক, প্রথম প্রহরের মো. আলা উদ্দিন অর্থ সম্পাদক, দৈনিক জনদর্পণের মো. আহসানুল হাবিব সোহাগ সমাজকল্যাণ সম্পাদক, আলোকিত শীতলক্ষ্যার মো. তোফাজ্জল হোসেন মায়া তথ্য ও যোগাযোগ সম্পাদক, দৈনিক জনবাণীর মো. নাজিম উদ্দিন নাদিম সাহিত্য সম্পাদক, স্বদেশ প্রতিদিনের ফাহিমা আক্তার রিয়া মহিলা সম্পাদিকা এবং দৈনিক সরেজমিন বার্তার এইচ এম আমজাদ অফিস সম্পাদক হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য
কার্যনির্বাহী সদস্য করা হয়েছে ভোরের পাতার সেলিম আহাম্মেদ, দৈনিক বাংলার মো. লতিফ আহমেদ আকাশ, দৈনিক রূপালী বাংলাদেশের মো. লিটন চৌধুরী, দৈনিক শ্যামবাজারের আতিক আকি এবং টুরিজম টিভির খালেদ বিন হ-কে।
নবগঠিত কমিটির সদস্যরা বলেন, সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখাই হবে তাদের অন্যতম লক্ষ্য।
তারা আরও বলেন, সিদ্ধিরগঞ্জের সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং প্রেস ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য ও মর্যাদা ধরে রাখতে সম্মিলিতভাবে কাজ করা হবে।
নবগঠিত কমিটির মাধ্যমে সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাংগঠনিক স্থবিরতা দূর হয়ে সাংবাদিকদের পেশাগত কার্যক্রম আরও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।













