
জেলা প্রতিনিধি, পঞ্চগড়: দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পঞ্চগড় জেলা শাখা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দুপুরে পঞ্চগড় শহরের সোনালী ব্যাংকের সামনে বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গি মোড়ে গিয়ে শেষ হয়।
পরে চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে বক্তব্য দেন পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
এর আগে সোনালী ব্যাংকের সামনে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।
বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টার প্রতিবাদ জানান এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা বজায় রাখার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, আদম সুফি, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া জেলার বিভিন্ন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন।
উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে পঞ্চগড়ে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে পৃথক কর্মসূচি পালন করেছে।




















