
গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দীগনগর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রাম এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল আলম মোটরসাইকেলযোগে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের দীগনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে ধাক্কা দেয়।
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রেজাউল আলম ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় রেজাউল আলম ঘটনাস্থলেই মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি শনাক্ত ও চালককে আটক করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।













