
জেলা প্রতিনিধি, পঞ্চগড়: দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে এসে একটি উন্নত, সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য রয়েছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার কথা বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যেই সরকার কাজ করছে।
বুধবার পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলীর প্রশাসনিক ভবনের ৬ তলা ভবনের ৩ তলা পর্যন্ত অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার উন্নয়নের জন্য ১,৪৯২ কোটি টাকার একটি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের যোগাযোগ, অবকাঠামো ও সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তিনি আরও বলেন, এলজিইডি দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণের মাধ্যমে অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে অতীতে কিছু উন্নয়ন প্রকল্পে পরিকল্পনার ঘাটতি ছিল বলে মন্তব্য করেন তিনি।
উদাহরণ হিসেবে তিনি বোদা উপজেলার ঝলই শালশিরি এলাকায় নির্মিত একটি সেতুর কথা উল্লেখ করে বলেন, সেখানে ১৮ ফুট প্রশস্ত সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়কের প্রস্থ ছিল মাত্র ১২ ফুট। এমন পরিকল্পনাহীন উন্নয়নকাজ ভবিষ্যতে যেন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অতীতে এ ধরনের ত্রুটিপূর্ণ কাজের সঙ্গে জড়িতদের চিহ্নিত করারও আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রশাসনিক ভবন নির্মিত হলে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীরা আরও আধুনিক ও কর্মবান্ধব পরিবেশে দায়িত্ব পালন করতে পারবেন। এর ফলে জেলার পাঁচটি উপজেলা ও তিনটি পৌরসভায় উন্নয়ন কার্যক্রমের গতি আরও বৃদ্ধি পাবে।
জানা যায়, ৩ কোটি ৩৯ লাখ ৭ হাজার ১১৭ টাকা ব্যয়ে প্রশাসনিক ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে পঞ্চগড় জেলা এলজিইডি। নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে পঞ্চগড়ের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পঞ্চগড় এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির নেতৃবৃন্দ, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।













