
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে মিয়ানমারে পাচারের প্রাক্কালে ৩২ বস্তা সার ও ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৯ জুন) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির আভিযানিক দল ২৮ ও ২৯ জুন পৃথক দুটি অভিযান চালিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা মালিকবিহীন ৩২ বস্তা সার এবং ২টি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করে। বিজিবি জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় ২৮ জুন সকাল আনুমানিক সাড়ে ৮টায়। নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে ১০ বস্তা সার ও একটি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়। পরদিন ২৯ জুন ভোর আনুমানিক সাড়ে ৫টায় একই এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে আরও ২২ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়। পৃথক দুটি অভিযানে জব্দ করা সার ও নৌকার আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।” জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকার বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।













