
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বসবাসরত আদিবাসীদের বিরুদ্ধে দায়ের করা বন বিভাগের ৮৮টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলায় অভিযুক্ত মোট ৩৮৭ জনকে খালাস প্রদান করেছেন আদালত।
বুধবার (৭ জানুয়ারি) টাঙ্গাইল বন আদালতের বিশেষ ম্যাজিস্ট্রেট মো. মিনহাজ উদ্দিন ফরাজী শুনানি শেষে মামলাগুলো প্রত্যাহারের আদেশ দেন। টাঙ্গাইলের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৪ ডিসেম্বর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় মধুপুর জাতীয় উদ্যান এলাকায় বসবাসরত আদিবাসীদের প্রথাগত ঐতিহ্য ও অধিকার সংরক্ষণের লক্ষ্যে এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানি শেষে আদালত ৮৮টি বন মামলা প্রত্যাহার করে অভিযুক্ত ৩৮৭ জনকে খালাস প্রদান করেন। খালাসপ্রাপ্তদের মধ্যে গারো ও কোচ আদিবাসী রয়েছেন ২৩১ জন এবং স্থানীয় বাঙালি রয়েছেন ১৫৬ জন।
বন বিভাগ আশা করছে, মামলাগুলো প্রত্যাহারের ফলে মধুপুরে বসবাসরত প্রথাগত বনবাসীদের অংশগ্রহণে শালবন সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রম আরও সহজ ও কার্যকর হবে।













