
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধিঃ চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান অলিপুর উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ সন্তান—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। তবে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। তাহলেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনা ও দেশাত্মবোধক কবিতা পাঠ করা হয়। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ কখনোই ভুলবার নয়। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সকলে।













