পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে বাংলাদেশ ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২৪শের গণ অভ্যুত্থান বিপ্লবে পরিণত হয়েছিল। বাংলাদেশে গত ১৫ বছরে দেশ প্রেমের মিথ্যে বয়ান তুলে এবং ৭১’র চেতনার কথা বলে গণহত্যা চালানো হয়েছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্র শিবিরের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে ‘স্মার্ট টুডে আইকন টুমোরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এখানে সকলের অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় অনেকের মাঝে আমি বিপ্লবের প্রতিচ্ছবি দেখি না। তারা ঠিক আগের মতোই ফ্যাসিবাদ কায়েম বা পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চব্বিশে তরুণদের বিপ্লবের মাধ্যমে যে চেতনা আমরা ধারণ করেছি এই চেতনাকে সহজে কেউ ম্লান করে দিতে পারবে না। আমরা এমন একটি প্রজন্ম যারা অন্যায়কে মেনে নিতে পারে না।
অনুষ্ঠানে এসময় পঞ্চগড় জেলা জামায়াতের আমীর ইকবাল হোসাইন, নায়েবে আমীর মফিজ উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মাহমুদ হিমু, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমান সহ জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
















