মোশারফ হোসেন, অভয়নগর (যশোর) -ঃ- যশোর জেলার অভয়নগর উপজেলার প্রেমবাগ স্কুল সংলগ্ন শষ্যক্ষেতে পড়ে ছিলো তরুণের আধাপোড়া মৃতদেহ। পুলিশ ২৫ নভেম্বর (শুক্রবার) সকালে ওই মৃতদেহটি উদ্ধার করেছে।
মৃত ওই তরুণের নাম কনক সরদার(২০) তিনি উপজেলার বালিয়াডাঙ্গা গ্রমের মোশাররফ সরদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, কনক সরদার নেশাআসক্ত ছিলেন। বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিলার থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে বলে তাদের ধারণা। তাঁর কানের নিচ থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে।
প্রেমবাগ ইউনিয়নের চেয়ারম্যান মফিজ উদ্দীন বলেন, উপজেলার প্রেমবাগ গ্রামে যশোর-খুলনা মহাসড়কের পাশ দিয়ে বিদ্যুতের লাইন গেছে। বৈদ্যুতিক পিলারের নিচের দিকে ডিশের তার পেঁচানো রয়েছে। গতকাল রাতে টেলিভিশনে ব্রাজিল ও সার্বিয়ার মধ্যে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন এলাকার মানুষ। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে রাত পৌনে তিনটার দিকে হঠাৎ এলাকার ডিশ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে লোকজন ঘুমিয়ে পড়েন। আজ সকালে এলাকার কয়েক ব্যক্তি গ্রামের যশোর-খুলনা মহাসড়কের পাশে একটি শষ্যক্ষেতের মধ্যে বৈদ্যুতিক পিলারের নিচে এক ব্যক্তির বিদ্যুৎস্পৃষ্ট মরদেহ পড়ে থাকতে দেখে ৯৯৯ ফোনদিয়ে বিষয়টি অবগত করেন। পরে অভয়নগর থানা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
অভয়নগর থানার উপপরিদর্শক(এসআই) গোলাম হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, কনক সরদার নেশাসক্ত ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৈদ্যুতিক পিলার থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কানের নিচ থেকে কোমর পর্যন্ত পুড়ে গেছে।
ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ সহ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।













