একেএম বেলাল উদ্দিন, চকরিয়া -ঃ- চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের জোয়ারভাটার শাখাখালের চোরাবালিতে আটকে নিখোঁজ মোঃ ইসহাক (৩২) নামের যুবকের মৃতদেহ দুইঘন্টা পর উদ্ধার করেছে দমকল বাহিনী। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১১টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের কাটাখালী খালের ঘাটে এ ঘটনা ঘটে। নিহত মোঃ ইসহাক একই এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয় লোকজন জানায়, দরিদ্র পরিবারের সন্তান ইসহাক সাগরের ফিশিং ও লবণ বহনকারী বোটে মজুরি কাজ করে সংসার চালান। ঘুর্ণিঝড় চিত্রাং এর কবল থেকে রক্ষা পেতে গত কয়েকদিন আগে তার কর্মরত লবণের একটি খালি ফিশিং বোট কাটাখালী ঘাটে রশিবদ্ধ করে নিরাপদ স্থানে রাখে।
ঘুর্ণিঝড়ের আশঙ্কা মুক্ত হলে বৃহস্পতিবার দুপুরে ফিশিং বোটের নোঙরের রশি খুলে দিতে গিয়ে খালের পানিতে ডুব দিলে সে আর উঠেনি। স্থানীয় লোকজন খুঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়। অবশেষে দীর্ঘ দু’ঘন্টা পর চকরিয়া দমকল বাহিনীর সহায়তায় মোঃ ইসহাকের নিথর দেহটি উদ্ধার করেন। স্বজনরা তাৎক্ষণিক মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসহাককে মৃত ঘোষণা করে।
ডুলাহাজারা ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার হাজী আবু ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাটাখালী ঘাটে খালের পানিতে ফিশিং বোটের রশি ঠিক করতে গিয়ে ইসহাক নামের যুবক নিখোঁজ হয়। পরে দমকলবাহিনীর সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, একই দিন মাগরিবের পর নিকটস্থ জামে মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।













