মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ- ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাক চাপায় রাসেল মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের সূর্যকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের বারৈইজীবি পাড়ার রফিকুল ইসলামের ছেলে। কালীকচ্ছ উত্তর বাজারের ‘সততা পোল্টি ফার্ম’ নামে একটি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে চাকুরি করতেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রাসেল মিয়া মোটর সাইকেলযোগে সরাইল থেকে ফেরার পথে সূর্যকান্দি এলাকায় পৌঁছলে সিমেন্টবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাসেল মারা যায়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
এ ব্যাপারে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন জানান, নিহতের পরিবার থানায় কোন অভিযোগ দেয়নি। এছাড়া তাদের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।













