মইনুল ভূইয়া, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি -ঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা পরিষদ নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানালেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিকুল আলম। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি শঙ্কার বিষয়গুলো তুলে ধরেন। এ সময় তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারকে ‘কথিত দরবেশ’ ও ‘কথিত সাদা মনের মানুষ’ উল্লেখ করে ব্যক্তিগতভাবে আক্রমনও করেন।
শফিকুল আলম বলেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নির্বাচনকে কেন্দ্র করে নানা জল্পনা কল্পনার পাশাপাশি আমার প্রতিদ্বন্দী প্রার্থীর জোর করে জয় ছিনিয়ে নেওয়ার তৎপরতা ওপেন সিক্রেট। ভোটারদের ভয়ভীতি দেখিয়ে তিনি জয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দলীয় প্রভাব খাটিয়ে এসব তিনি করবেন।’
সংবাদ সম্মেলনে শফিকুল আলম ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রী লাভ করে চাকুরিতে না গিয়ে রাজনীতির পাশাপাশি ব্যবসা শুরু করেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন তিনি। ২০১৭ সালে জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।













