কাউছার হোছাইন, লক্ষ্মীপুর প্রতিনিধি -ঃ লক্ষ্মীপুরে বসতঘরে আগুনে আনিকা আক্তার (১৭) নামে এক কিশোরী ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছেন মা জোৎস্না বেগম (৪০) ও ছোট ভাই রোকন মাহমুদ (০৯)। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের (২নং ওয়ার্ড) গোপালপুর পূর্ব মাগুরী গ্রামের জোড়পোলের পূর্ব পাশে আনোয়ার হোসেনের বসতঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রণজিৎ কুমার সাহা বুধবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে আনিকা আক্তার নামে এক কিশোরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় দগ্ধ হয় তার মা জোৎনা বেগম ও ছোট ভাই রোকন মাহমুদ। দগ্ধ মা-ছেলেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস রণজিৎ কুমার সাহা জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আমরা আসার পূর্বেই বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। একজনের মৃত্যু হয়। ২ জন দগ্ধ হয়, তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আনিকার ফুফু শেফালী বেগম বলেন, আমার ভাই আনোয়ার সৌদীতে থাকেন। রাতে তার স্ত্রী জোসনা বেগম, ছেলে রিফাত মেয়ে আনিকা ও ছোট ছেলে রুপম ঘরে ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডের পর তিনজন ঘর থেকে বের হতে পারলেও অনিকা বের হতে পারেনি। সে ঘরের ভেতরে পুড়ে মারা গেছে।
আগুন নেভাতে আসা আনিকার চাচা কামাল হোসেন বলেন, রাতে আমরা আগুন নেভাতে আসি। আমার ভাতিজা রিফাত এবং তার মা জোসনা ছোট ছেলে রুপমকে নিয়ে ঘরে থেকে বের হতে পারলেও অনিকা বের হতে পারেনি। আগুন নেভানোর পর তার পোড়া কঙ্কাল পাওয়া যায়। আমার ভাবি জোসনা ও ভাতিজা রুপম আহত হয়েছে।
এদিকে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আগুনে পুড়ে একটি মেয়ে মারা গেছে। তার মা এর শরীরও অনেকটা পুড়ে গেছে। আমরা প্রশাসনের পক্ষ থেকে এ পরিবারের পাশে আছি। তাদের আর্থিক সহায়তাসহ বিভিন্ন ধরনের সহায়তা করা হবে।
পরে পরিবারকে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন জেলা প্রশাসক।
পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হবে।













