মোঃ জহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি -ঃ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর থেকে কমিয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অভিভাবকদের খরচ কমাতে এ কোর্সের মেয়াদ এক বছর কমিয়ে আনা উচিত বলে জানিয়েছেন মন্ত্রী।

তবে শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে বুধবার ( ৩১ আগষ্ট ) ২০২২ ইং তারিখে দুপুর ১:১৫ মিনিটের সময় বরিশাল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা মানববন্ধন ও প্রতীকি মিছিল করে শিক্ষামন্ত্রীর ঘোষণা মানি না মানবো না, ৩ বছরের ডিপ্লোমা মানি না মানবো না এমন স্লোগান দেয় বরিশাল অশ্বিনী কুমার টাউন হল এর সামনে। আন্দোলনকারী শিক্ষার্থী মোঃ ইয়াসিন রাহাত বলেন, চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছরে রূপান্তরের মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী।

আমরা অবিলম্বে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে তিন বছরের কোর্সকে চার বছরে বহাল রাখার দাবি জানাচ্ছি। দাবি মানা না হলে আরও কঠোর এবং লাগাতার কর্মসূচি দিতে বাধ্য হব। শিক্ষামন্ত্রীর কাছে প্রশ্ন রেখে শিক্ষার্থী গোলাম রাব্বি বলেন, ৪ বছরে যেখানে আমাদের ৫৬টি বই পড়তে হয়। তারপরও অনেক সময় সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হয়।

সেখানে ৩ বছরে আমরা কতটুকু শিখতে পারব ? শিক্ষার্থী মোঃ সাব্বির খান বলেন, দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কথাটি প্রধানমন্ত্রী নিজেও বলেছেন। সেই দেশ গড়ার হাতিয়ারকেই আপনারা উন্নত না করে, সময় কমিয়ে দিয়ে আমাদের শিক্ষার রাস্তাটা বন্ধ করে দিচ্ছেন।

এমনিতেই পলিটেকনিকে পর্যাপ্ত শিক্ষক নেই, ল্যাব সংকট রয়েছে। এগুলো সমাধান না করে শুধু সময় কমিয়ে আনলে আমাদের গুনগত ও মানসম্মত শিক্ষা ব্যাহত হবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা কখনই এটা মেনে নিবো না। শিক্ষার্থী মোঃ তৌফিক বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে যে শিক্ষার্থীদের অর্থনৈতিক সমস্যা দেখিয়ে সময় কমানোর কথা বলতেছেন এবং যাদের সমস্যার জন্য এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন সেই তারাই আন্দোলন করতেছে সিদ্ধান্তের বিরূদ্ধে।

এমন সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীরা মেনে নিবে না। বরিশাল শিক্ষার্থীরা আরো বলেন আন্দোলন চলমান থাকবে, যতক্ষন আমাদের দাবি না মানা হয়।













