তানোর (রাজশাহী) প্রতিনিধি -ঃ রাজশাহীর তানোর পৌর এলাকার বিএডিসি’র একশ্রেণীর সার ডিলারের বিরুদ্ধে অধিক মুনাফার আশায় হাতেগোনা দু’একজন মৌসুমি আলু চাষিদের কাছে কালোবাজারে সার বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, এতে প্রান্তিক কৃষকেরা কোনো সার পাচ্ছেন না। একই সঙ্গে অতিরিক্ত দামে সার কিনলেও সারের সঙ্গে কীটনাশক কিনতে বাধ্য করা হচ্ছে, কিটনাশক না নিলে সার দেয়া হচ্ছে না। এসব ঘটনায় কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। আবার কৃষি বিভাগের প্রশ্নবিদ্ধ ভুমিকায় সাধারণ কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।
স্থানীয়রা জানান, কৃষি বিভাগের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে তিনি দীর্ঘদিন ধরে তারা এসব অপকর্ম করে আসছেন। গোল্লাপাড়া গ্রামের কৃষক রুস্তম আলী ও আব্দুস ছালাম বলেন, সম্প্রতি গোল্লাপাড়া বাজারের মেসার্স ইসলাম ট্রেডার্সে সার নামার খবর পেয়ে, তারা বৃহস্পতিবার সার কিনতে গেলে পরদিন শুক্রবার আসতে বলেন, তারা পর শুক্রবার সকালে সার নিতে গিয়ে দেখেন দোকান খোলেনি, বিকালে দোকান খোলেন,তবে এক ছটাক সার দিতে পারেনি। সিধাইড় গ্রামের কৃষক আলামিন বলেন, সোয়েব ট্রেডার্সে দ্বিগুন দামে সার বিক্রি করা হচ্ছে, তবে প্রয়োজন না থাকলেও সারের সঙ্গে অতিরিক্ত দামে কীটনাশক কিনতে বাধ্য করছে শুধু সার বিক্রি করা হচ্ছে না। আমশো গ্রামের কৃষক জামিল বলেন, গত বুধবার রাতে মেসার্স নাসির ট্রেডার্সে ১০০ বস্তা টিএসপি সার নামানো হয়। কিন্ত্ত পরের দিন তিনি সার কিনতে গেলে তাকে জানানো হয় সার বিক্রি হয়ে গেছে। তিনি বলেন, এসব সার সিন্ডিকেট করে দু’একজন ব্যক্তির কাছে বেশী বিক্রি করা হচ্ছে সেটা সার বিক্রির রশিদ পরীক্ষা করলেই জানা যাবে। আবার সার সঙ্কটের কথা বলা হলেও বেশী দাম দিলেই সার মিলছে। তবে বেশী দাম নিলেও ক্রয় রশিদে সরকার নির্ধারিত দাম লেখা হচ্ছে।
এবিষয়ে জানতে চাইলে মেসার্স ইসলাম ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মাইনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, আসলে সারের সংকট, কৃষকদের চাহিদামত সার দেয়া যাচ্ছে না, তাই তারা মনে করছে সার বাইরে বিক্রি করে দেয়া হচ্ছে। এবিষয়ে উপজেলা বিএডিসি সার-বীজ ডিলার সমিতির সভাপতি জাকির হোসেন জুয়েল বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন।তিনি বলেন, সারের কিছুটা সংকট থাকায় হয়তো বা কেউ বাইরে থেকে বেশী কিনে এনে বিক্রি করতে পারেন, তবে ডিলারগণ বেশী দাম নিচ্ছেন না।
এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।













