মিরু হাসান বাপ্পী, বগুড়া সংবাদদাতা -ঃ কলাবাহী ট্রাকের ধাক্কায় বগুড়ায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৫ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের নওদাপাড়া মর্ডান হোটেলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার কালিবালা এলাকার মোজাম্মেল হকের ছেলে হাবিব (২৫) ও কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে রকি। তাদের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। বিষয়গুলো নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা।
এদিকে স্থানীয়দের বরাত দিয়ে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাবু কুমার সাহা জানান, রাত পৌনে ১১টার দিকে মোটরসাইকেলের দুইজন আরোহী বগুড়া থেকে মহাস্থানগড় দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী একটি কলাবাহী ট্রাক তাদের সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে হাবিব ও রকি গুরুতর আহত হয়। হাবিবকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাকরা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও রকি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, কালাবাহী ট্রাকটি দুর্ঘটনার পর পরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এজন্য ঘাতক ট্রাক বা চালক কাউকেই আটক করা সম্ভব হয়নি। এই বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।













