তপন দাস, নীলফামারী প্রতিনিধি -ঃ নীলফামারীর জলঢাকা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৩০ জুলাই। এই সম্মেলন’কে ঘিরে গত রোববার (২৪ শে জুলাই) রাতে উপজেলার ডাকবাংলো মাঠে সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ ও সাধারণ সম্পাদক এ্যাড. মমতাজুল হকসহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্টান চলাকালীন সময়ে জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহম্মেদ তার বক্তব্যে সাবেক এমপি ও জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফার নাম ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করায় প্রতিবাদ জানান উপস্থিত আওয়ামীলীগের একাংশের নেতৃবৃন্দ। এরই মধ্যে জেলা নেতাদের সামনে চেয়ার ভাংচুর ও ঢিলা ছুড়াছুঁড়ি হলে এক পর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।লাঞ্চিত হন জেলা নেতৃবৃন্দ,পরে সভাস্থল ত্যাগ করে চলে যান জেলা নেতৃবৃন্দ।
এ ঘটনায় জলঢাকায় গতকাল সোমবার দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির আয়োজন করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়।পরবর্তীতে প্রস্তুতি সভায় হামলার প্রতিবাদে দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর হামিদুল এহসান চানু এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় হামলার জন্য সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফাকে দায়ী করেন।
অপরদিকে প্রস্ততি সভায় হামলার প্রতিবাদে গতকাল জলঢাকা সরকারি কলেজ মাঠে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।তিনি সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেলকে হামলার জন্য দায়ী করেন।
এ দিকে নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে আলোচনা সভায় পরিকল্পিত ভাবে বহিরাগতদের সমাবেশ ঘটিয়ে নেতৃবৃন্দকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ, ভাংচুর, নেতৃবৃন্দের গায়ে চেয়ার, ইটপাটকেল ছুঁড়ে আহত করা, নির্ধারিত সম্মেলন বাঁধাগ্রস্থ করার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে জলঢাকা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেলকে অব্যাহতি দেওয়া হয়েছে।জেলা আওয়ামী লীগের সভাপতি কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক সাক্ষরিত একটি চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।এই চিঠিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক সাক্ষর করেছেন।
ফলে জলঢাকা উপজেলা আওয়ামীলীগের দুই গুরুত্বপূর্ণ নেতার অনুসারীদের মাঝে থমথমে অবস্থা বিরাজমান করছে।যেকোনো সময় নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে স্থানীয়রা।
এ নিয়ে আগামী ৩০শে জুলাই সম্মেলন আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলন হবে কিনা তা নিয়ে দেখা গেছে অনিশ্চয়তা।তবে জেলা আওয়ামীলীগ সুত্রে জানা গেছে,নির্দিষ্ট তারিখেই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
















