মোঃ রেজাউল করিম, পঞ্চগড় প্রতিনিধি -ঃ আশুলিয়া হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকারকে মির্মমভাবে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে গলায় জুতার মালা পরিয়ে শিক্ষক লাঞ্চিতের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন মহাসড়কে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি।
সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহহিরুল ইসলাম জহিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- উদীচি শিল্পীগোষ্ঠীর গোলাম কিবরিয়া, আ. লীগ নেতা বিপেন চন্দ্র রায়, নূরুননাহার নূরী, সমিতির সদর উপজেলা শাখার সভাপতি একরামুল হক, তেঁতুলিয়া শাখার সভাপতি উমের আলী, দেবীগঞ্জ শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, আটোয়ারী শাখার সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষক উৎপল কুমার হত্যার সঙ্গে যারা জড়িত তাদেকে আইনের আওতায় এনে অবশ্যই বিচার করতে হবে। এছাড়া শিক্ষকদের নিরাপত্তা রক্ষায় শিক্ষক সুরক্ষা আইন করার জোর দাবি জানান তারা।













