মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধি -ঃ ময়মনসিংহ জেলার গফরগাঁও সরকারী কলেজের কর্মরত বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্ছনা ও কটুক্তির প্রতিবাদে সারা দেশের ন্যায় পঞ্চগড়ে ঘন্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

আজ রোববার (১২ জুন) দুপুরে পঞ্চগড়- তেতুঁলিয়া মহাসড়কের পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজ মোড়ে ঘন্টাব্যাপী কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচী পালন করে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পঞ্চগড় সরকারী মহিলা কলেজ ও মকবুলার রহমান কলেজ ইউনিট।

মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অধ্যক্ষ ও বিসিএস শিক্ষা সমিতির মকবুলার রহমান সরকারী কলেজ ইউনিটের সভাপতি দেলওয়ার হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও মকবুলার রহমান সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুর রশিদ, পঞ্চগড় সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো মাইনুর রহমান, বিসিএস শিক্ষা সমিতির পঞ্চগড় সরকারী মহিলা কলেজ ইউনিটের সভাপতি ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান নাজির হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান জান্নাতুন নাহার প্রমুখ।
এসময় বক্তারা অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।













